ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় ২ সেনা নিহত

 
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ককে রুশপন্থী বিদ্রোহীদের হামলায় দেশটির অন্তত দুই জন সেনা সদস্য নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিদ্রোহীদের হামলায় তারা নিহত হন বলে দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
 
ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ম্যারিওপল বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র এ্যান্ড্রি লিসেনকো বলেন, ‘ম্যারিওপলকে কেন্দ্র করে শত্রুরা অস্ত্রের মজুদ বাড়িয়েছে। আমাদের লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে।’
 
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বেলারুশের রাজধানী মিনস্কে সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, গত কয়েক সপ্তাহে সহিংসতা যেভাবে বেড়েছে তাতে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটতে পারে।
 
লিসেনকো এক টেলিভিশন ভাষণে বলেন, ‘দোনেৎস্কে যেসব যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই মস্কোপন্থী বিদ্রোহীরা ঘটিয়েছে। স্নাইপার ও অবৈধ সশস্ত্র গ্রুপ গোলাবারুদ ব্যবহার করছে। অথচ মিনস্ক চুক্তি অনুযায়ী ওইসব অস্ত্র ব্যবহার নিষিদ্ধ।’
 
অন্যদিকে লুহানস্ক ও দোনেত্স্ক রাজ্যের বিদ্রোহীরা দাবি করেছে, সরকারি সেনাদের গোলা হামলায় এক বেসামরিক লোক নিহত ও একজন আহত হয়েছেন। বিদ্রোহীদের সংবাদমাধ্যম ডিএএন এ খবর দিয়েছে।
 
গত বছরের এপ্রিল মাসে ইউক্রেনে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত ছয় হাজারের বেশি লোক মারা গেছেন। ইউক্রেন সরকার, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো অভিযোগ করছে, রাশিয়া ইউক্রেনের বিদ্রোহীদের সরাসরি সহযোগিতা করছে। কিন্তু ক্রেমলিন সে অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: রয়টার্স