বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। জনগণের ভাগ্যোন্নয়নে তারা আওয়ামী লীগকেই একমাত্র যোগ্য রাজনৈতিক দল মনে করে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ, দল ও বাঙালি জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সেই স্বপ্ন নস্যাত হয়ে গেছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাসে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।