আরিফুর রহমান
শিক্ষার্থীদের জন্য তৈরি প্লাটফর্ম ‘ওয়াইএসআই বাংলা’র পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও মানবহিতৈষী ব্যক্তিত্ব সাফিয়া গাজী রহমান। তিনি যুক্ত হওয়ার ফলে এই প্লাটফর্ম আরও কয়েকধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে ওয়াইএসআই বাংলা টিম।
সাফিয়া গাজী রহমান ১৯৮৫ সালে চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। তাঁরই উদ্যোগে ১৯৯২ সাল থেকে কার্যক্রম শুরু করে ফ্রি ফ্রাইডে ক্লিনিক, দরিদ্রদের বিনামূল্যে চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষা ও চিকিত্সা ক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন অবিরাম।
ওয়াইএসআই বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন সাহা জানান, ২০১৮ সালের এপ্রিলে যাত্রা শুরু করে ওয়াইএসআই বাংলা। অনলাইন এই প্ল্যাটফর্মটি তরুণ প্রজন্মের জন্য ‘ওয়ান স্টপ সলিউশন’ প্রদান করছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বাংলায় অনলাইন কোর্স। আবার যারা বৃত্তি নিয়ে দেশের বাইরেও যেতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি সুবিধা। এছাড়া আছে নিত্যনতুন সরকারি-বেসরকারি চাকরির খবর। সেই সঙ্গে আছে একটি চমত্কার নিউজ প্ল্যাটফর্ম, যেখানে দেশব্যাপী তরুণদের নিয়ে বিভিন্ন আয়োজন, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা-চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরসহ আছে ভিডিও লাইব্রেরি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট: www.ysibangla.com