বিনোদন রিপোর্ট
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার এই বছরটা যে বেশ ভালো কাটবে তা শাকিব খানের সাথে বছরের প্রথম ছবি মুক্তি দিয়েই জানান দেন তিনি। শাকিবের সাথে জুটি বেঁধে প্রথম ছবি ‘শাহেনশাহ’র গান মুক্তির পর থেকে এখন ঢালিউড পাড়ায় প্রশংসিত ফারিয়া। বছরের শুরু থেকে তিনি গণমাধ্যমে বলে আসছেন এবছরে বিভিন্ন চমক নিয়ে হাজির হবেন তিনি। সেই চমকের এক ঝলক দেখা হয়ে গেলো দর্শকদের। এবার পরবর্তী চমক ‘শাহেনশাহ’ মুক্তি। জানা গেছে চলতি মাসের শেষে মুক্তি পেতে পারে ছবিটি। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে এবছর আবারো নতুন গান নিয়ে হাজির হবেন ফারিয়া। তার প্রথম গানের ভিডিও ‘পটাকা’র চেয়ে বড় পরিসরে আসবে গানটি। ফারিয়া গান প্রসঙ্গে বলেন, ‘নতুন গান নিয়ে কাজ চলছে। এ বছরটা আমি বেশকিছু কাজ করতে চাই। অভিনয়ের বাইরেও অন্যকিছু কাজ করবো। এবারের গানটি বাংলাদেশ ও ভারতে প্রকাশ হবে। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।’ ফারিয়া নতুন ছবি নিয়ে আরো বলেন, ‘ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি কাজ এটি। অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছি ছবিটি মুক্তির। দর্শক ছবিটি ভালো লাগবে তা আমি বিশ্বাস করি।’