ঈদ মানেই নতুনত্ব। যা উঠে আসে ডিজাইনারদের সূচিকর্ম আর ফ্যাশন ফোরকাস্টিংয়ে। আর এভাবেই পূর্ণতা পাচ্ছে দেশীয় ব্র্যান্ড শপগুলোর পোশাকী আয়োজন। ঈদের সময়টায় তাই কিশোরী বা তরুণীদের চাহিদা থাকে বিভিন্ন রকম পোশাকের প্রতি। এর মধ্যে অনেকেই আছে যাদের শাড়ি বা সালোয়ার-কামিজ নয়, ঈদে চায় নিজস্ব স্টাইল অনুযায়ী পোশাক পরতে। এবারের ঈদের গর্জিয়াস ট্রেন্ড নিয়ে লিখেছেন জেন্টল পার্কের ফ্যাশন ডিজাইনার শাহাদাত চৌধুরী বাবু।
পুরোনোকে বরণ করে নেওয়ার রেওয়াজটা অনেককাল আগে থেকেই চলে আসছে। আদতেই পুরোনো ধাঁচ, সোনার মতো মূল্যবান কিনা—সে সম্পর্কে যুক্তিতর্কের শেষ নেই। তবে এবারের ঈদ বাজার ও ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে ফ্যাশনে পুরোনোকে ঘিরেই ট্রেন্ড চলছে। ঈদের ফ্যাশন ট্রেন্ড আগেকার মতোই তবে বৈচিত্র্য এসেছে প্যাটার্নে, তবে আউটলুক বেশ গর্জিয়াস ও কোনো কোনো ক্ষেত্রে সিম্পলিসিটিও থাকছে ব্যাপকভাবে।
এবার যেহেতু বর্ষা ও গরমের মাঝামাঝি পড়েছে ঈদ তাই সবার পছন্দের শীর্ষে রয়েছে সুতি ও সিল্কের তৈরি পোশাক। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে প্রাধান্য পাচ্ছে নীল, হালকা হলুদ, কমলা, বেগুনি, আকাশী, আসমানী, পেস্ট, সাদা, গোলাপি, সবুজ, ফিরোজা—এ ধরনের হালকা ও উজ্জ্বল রং। তবে উত্সবের পোশাক হিসেবে বর্ণিল রঙে হালকা কাজ তারুণ্যের পোশাক চাহিদায় থাকবে শীর্ষে। বরাবরের মতোই ফ্যাশন ফলোয়ার হিসেবে মেয়েরা এগিয়ে। আমাদের দেশীয় ঈদ ফ্যাশনে তাই বৈচিত্র্য তাদের পোশাকেই বেশি করা হয়। এবারও ভারতীয় আর পাকিস্তান ফ্যাশন আমাদের দেশে যথেষ্ট প্রভাব ফেলছে। ৪-৫ বছর ধরে এ ধারা তীব্র। সাম্প্রতিক সময়ের ট্রেন্ড সিঙ্গেল পিস কুর্তি আর সঙ্গে বেলবটম কাট ট্রাউজার, যা পালাজো নামে প্রচলিত। ওভেন, নিট—দুই কাপড়ের তৈরি পালাজো জনপ্রিয় এবারের ঈদে। গতবছরের মতো এবছর লম্বা কামিজের পাশাপাশি বড় ঘের বা কলি কাটের আনারকলি কামিজও ঈদে দেবে গর্জিয়াস লুক। কামিজের সামনে সুতা, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, কুশি কাটার কাজ চলছে এবারে। আনারকলির পাশাপাশি এ লাইন কাটিংয়ের সালোয়ার-কামিজের কদর দেখা গেছে বিভিন্ন দোকানে।
লম্বা-কামিজের সাথে চাপা মুহুরির সালোয়ার বা চুড়িদার এবং হালকা কাপড়ের ওড়নাও পড়ছে কেউ কেউ। এবারও উচ্চতায় ও কাটিংয়ের সাথে সাথে কামিজের হাতায়ও এসেছে পরিবর্তন। তাই ঈদে থ্রি-কোয়ার্টার ও লম্বা হাতার কামিজ দেখা যাবে বেশি।
এদিকে, ঈদের দিন পাঞ্জাবি না পরলে নিজেকে ঠিক পরিপূর্ণ লাগে না—এমনটাই অধিকাংশ ট্রেন্ডি ফ্যাশনসচেতন তরুণদের ভাবনা। তাই ঈদ উত্সবের রঙে নিজেকে রাঙাতে তারুণ্যের আগ্রহের কেন্দ্রে বরাবরই রয়েছে পাঞ্জাবি। গেল বছরের মতো এবার তরুণদের পাঞ্জাবিতে টিউন ফিটের চল দেখা যাবে। তবে বয়ষ্ক ব্যক্তিদের জন্য কিছুটা ঢিলেঢালাই থাকছে পাঞ্জাবির কাট। তবে খাটো পাঞ্জাবির চল এবার খুব একটা দেখা যাবে না। গরমের কারণে কাপড়ের ধরন ভিন্ন হলেও যতটা সম্ভব পাতলাই বেছে নিচ্ছে তরুণরা। এবারও নানা ধরনের প্রিন্স বা মোদি কোটের চল দেখা যাবে।