ময়মনসিংহ শহরে শুক্রবার সেহরির পর জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি কামরুল ইসলাম জানান, তারা ১৩ জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আরও বেশ কিছু লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন।
এদিকে সব মিলিয়ে ২৭ জনের মৃত্যুর খবর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে গেলেও সবগুলো লাশ এখনও পায়নি পুলিশ। এ নিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ব্যবসায়ী শামীম তালুকদারের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় ওই কারখানার মালিক শমীমসহ সাতজনকে পুলিশ আটক করেছে।