রয়টার্স
সিরিয়ায় বাঘুজের লড়াইয়ে পরাজয় ঠেকাতে দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর বিরুদ্ধে গাড়িবোমা হামলা চালানোর মধ্য দিয়ে প্রতিরোধের শেষ চেষ্টা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
রবিবার এ কথাই জানিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী এসডিএফ। এ বাহিনী গত বৃহস্পতিবার বাঘুজে আইএস জঙ্গি নির্মূলে চূড়ান্ত অভিযান শুরু করেছে। বাঘুজে রয়ে যাওয়া শতাধিক আইএস যোদ্ধাকে হটাতেই চলছে এ অভিযান।
পূর্ব সিরিয়ার এ গ্রামটি এসডিএফ দখল করে নিতে পারলে তা হবে আইএস -এর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক প্রচেষ্টায় একটি মাইলফলক। শেষ হবে ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার এক তৃতীয়াংশ জুড়ে আইএস -এর প্রতিষ্ঠা করা ‘খিলাফত’। এসডিএফ বাহিনী ওইদিন বিকালে যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি থেকে তিন কিলোমিটার দূরত্বে বিমান থেকে বোমাবর্ষণ করেছে। অন্যদিকে, পাল্টা আক্রমণে আইএস যোদ্ধারা বিস্ফোরকভর্তি গাড়ি পাঠিয়ে এসডিএফ সেনাদের পথরোধ করার চেষ্টা চালাচ্ছে। মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে আইএস যোদ্ধারা চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করছে এবং শেলও নিক্ষেপ করছে বলে জানিয়েছেন এসডিএফ -এর এক মুখপাত্র।