জাতীয় সংসদে বাসন্তী চাকমার মিথ্যাচারে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহার ও সংসদের

কার্যবিবরণী হতে এক্সপাঞ্জ করার দাবি

 রাঙ্গামাটি প্রতিনিধি

গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পার্বত্য আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উগ্র-সাম্প্রদায়িক, রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাজী মো. জালোয়ার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম (মুন্না), জাহাঙ্গীর কামাল, রূপ কুমার চাকমা, জামাল উদ্দিন, রাসেল মারমা, জাহাঙ্গীর আলম, মো. হাবিবুর রহমান হাবিব, ইউসুপ মাওলা, ওমর ফারুক, আবদুল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, মহান সংসদে দাঁড়িয়ে বাসন্তী চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন এবং ইসলাম ধর্মকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন তা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। পাশাপাশি রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিন পার্বত্য জেলায় বসবাসরত সকল বাঙালীকে হেয় প্রতিপন্ন বলে আমরা পার্বত্যবাসী মনে করি।

বক্তারা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসন ৩৩৩ এর মনোনীত সংসদ সদস্য বাসন্তি চাকমার বক্তব্যে পার্বত্য জেলার জনগোষ্ঠির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই বক্তব্য প্রত্যাহার ও সংসদের কার্য বিবরণী হতে বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়। যদি এক্সপাঞ্জ করা না হয় একদিন ইতিহাসে মিথ্যাচার, বানোয়াট ও ভিত্তিহীন ভাষণটি দলিল হয়ে প্রকাশ পাবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়।

সংসদে বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহারের

দাবিতে বান্দরবানে মানববন্ধন

এদিকে বান্দরবান প্রতিনিধি জানান, তিন পার্বত্য জেলার নারী সাংসদ বাসন্তী চাকমাকে উগ্র সামপ্রদায়িক আখ্যা দিয়ে জাতীয় সংসদে তার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বাঙ্গালি সংগঠনগুলো। রবিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদসহ কয়েকটি বাঙ্গালি সংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি আতিকুর রহমান, ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান, আসিফ ইকবাল, জোবায়ের হোসেন প্রমুখ। এদিকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্পিকার বরাবর স্মারকলিপি দেন বাঙ্গালি সংগঠনগুলোর নেতারা।

মানববন্ধনে নাগরিক পরিষদ নেতা আতিকুর রহমান বলেন, জাতীয় সংসদে বাসন্তী চাকমার প্রদত্ত বক্তব্য মিথ্যা, বানোয়াট ও পাহাড়ের সমপ্রীতি নষ্ট করবে। তাই বক্তব্যটি প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানাচ্ছি। অন্যথায় তাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।