ইত্তেফাক ডেস্ক
সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: গোপালগঞ্জে রবিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দিকজয় হীরা নামে অপর এক যুবক আহত হয়েছেন। গোপালগঞ্জ-ছিলনা সড়কের রঘুনাথপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দুই বন্ধু মোটরসাইকেলে রঘুনাথপুর গ্রামে ঘুরতে বের হন। রঘুনাথপুর বুড়িমার বটতলার কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক তরিকুল ইসলাম ও তার সঙ্গে থাকা দিকজয় হীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তরিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দিকজয়কে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। সোমবার বেলা ১১টা ও রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার ও চিওড়া এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন ও এসআই জুয়েল রানা বলেন, সোমবার বেলা ১১টার সময় মহাসড়কের আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক নিহত ও বাসের আট যাত্রী আহত হন। তাত্ক্ষণিকভাবে নিহত চালকের নাম জানা যায়নি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়।
এরআগে মহাসড়কের চিওড়া এলাকায় রবিবার ১১টার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় চট্টগ্রামের ডবলমুড়িং থানার মনছুরাবাদ এলাকার বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া নিহত হন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট রেলপথের সাটিয়াজুরি রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী পাহাড়ীকা একপ্রেস ট্রেনটি সাটিয়াজুরী স্টেশন এলাকা অতিক্রমকালে ওই যুবককে ধাক্কা দেয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহ মো. সাজিদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফাঁড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মাদারগঞ্জ (জামালপুর): মাদারগঞ্জে পিকনিক থেকে ফেরার পথে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেলে চালক নিহতসহ দুই যাত্রী নিখোঁজ রয়েছে। রবিবার রাত ১০টায় এ দুর্ঘটনা হলেও এখন পর্যন্ত নদী থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের গজনি থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাত ১০টার দিকে উপজেলার গুনারীতলা বাজারের কাছে ঝাড়কাটা নদীর ব্রিজের ওপর থেকে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনার পর স্থানীয় জনতা চালক রহুল আমীনকে মৃত অবস্থায় এবং ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে।