ভাণ্ডারিয়া কাউখালী ও ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচন

ইত্তেফাক ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে গতকাল সোমবার পিরোজপুরের ভাণ্ডারিয়া, কাউখালী ইন্দুরকানীতে চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়ায় উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয়পার্টি জেপির যৌথ উদ্যোগে উভয় দলের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, আওয়ামী লীগ ও জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুবসংহতি (জেপি)’র উপজেলা যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবির, মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির যুগ্ম আহ্বায়ক ও জেপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা,ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র বসু, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন লিটন পেশকার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেপি মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না ছাড়াও আওয়ামী লীগ, জেপি, শ্রমিকপার্টি ছাড়াও উভয় দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ছাড়াও বিভিন্ন সস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের কাছে চেয়ারম্যান প্রার্থী মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান ও আসমা আক্তারের পক্ষে মনোনয়ন জমা দেন মহিউদ্দিন মহারাজ, ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, গোলাম সরওয়ার জোমাদ্দার, ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, হুমায়উন কবির, হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, আসমা আক্তার ও মশিউর রহমান মৃধা।

কাউখালী (পিরোজপুর):উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস-চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রুহিয়া বেগম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিশ্বজিত্ পাল। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী হিসেবে শাহ আলম নসু, কামরুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম (পলাশ সিকদার) মৃদুল আহম্মেদ সুমন, মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার, শাহীন মাহামুদ, মোস্তাফিজুর রহমান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী হিসেবে ফাতেমা ইয়াসমিন, শাহিদা হক, নার্গিস আক্তার, লিপি আক্তার, সীমা আক্তার।

এর আগে দুপুর তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহানের হাতে জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আবু সাইদ মিঞা মনু, ভাইস-চেয়ারম্যান পদে শাহ আলম নসু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার সহ যুবসংহতি ও ছাত্র সমাজের নেতা কর্মীরা।

ইন্দুরকানী (পিরোজপুর): ইন্দুরকানীতে ৩টি পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন হাওলাদার, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছের মনিরুজ্জামান সেলিম ও ফাইজুল কবির তালুকদার।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি জেপির সহ সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা কৃষক শ্রমীক লীগের সভাপতি রুহুল আমিন বাগা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকরামুল শিকদার।

অপরদিকে উপজেলা জাতীয় পার্টি (জেপির) মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া রানী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রায়াত দেলোয়ার হোসেনের কন্যা দিলারা পারভিন লাভলীর সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।