ইংল্যান্ডের লুটন শহরের ১২ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশি পরিবারটিকে ইচ্ছার বিরুদ্ধে সিরিয়ায় আইএস জঙ্গিরা আটকে রেখেছে বলে দাবি করেছেন পরিবারটির বয়োবৃদ্ধ সদস্য আবদুল মান্নানের ছেলে সেলিম হোসেন। ব্রিটেনের আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, তার পরিবারের সদস্যদের কৌশলে ফাঁদে ফেলে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। ১২ সদস্যের এই পরিবারটি গত ১০ এপ্রিল বাংলাদেশে বেড়াতে আসে। এখান থেকে তুরস্ক হয়ে তাদের ফিরে যাওয়ার কথা ছিল মে মাসের মাঝামাঝি। কিন্তু ১১ মে তুরস্কে নামার পর থেকে পরিবারটির আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বাংলাদেশে রওনা হওয়ার আগের দিন এই পরিবারের লুটনের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল সন্ত্রাস দমন আইনের আওতায়। এই পরিবারের মেয়ে ২১ বছর বয়সী রাজিয়া খানুম নিষিদ্ধ ইসলামী গোষ্ঠী ‘আল-মোহাজিরুনের’ সদস্য বলে মনে করা হয়। এরপর গত সপ্তাহে হঠাত্ আবদুল মান্নানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। পরিবারের পক্ষে আইএসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, পরিবারটি ‘অন্য যে কোন সময়ের চেয়ে নিরাপদ’ রয়েছে এবং পরিবারের ১২ সদস্যই আইএসে যোগদান করেছেন। কিন্তু আইটিভি নিউজকে সেলিম জানান, তার পিতাকে জোর করে একটি গাড়িতে তোলা হয় এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। সিরিয়া থেকে টেলিফোনে কথা বলার সময় তার পিতা ভীষণ কান্নাকাটি করছিলো বলে জানান তিনি। সেলিম বলেন, ঘটনার দিন তার পরিবার ইস্তাম্বুলে ছিলো। এ সময় তাদের হোটেল কক্ষে একদল অজ্ঞাত ব্যক্তি পাসপোর্ট যাচাই করতে যায়।