রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদ কাফনের কাপড় পড়ে যুবকের অনশন!

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদ ও সংস্কারের দাবিতে রবিবার কাফনের কাপড় পড়ে একটি কড়ই গাছের ৫০ ফুট চূড়ায় উঠে অনশন করে অভিনব প্রতিবাদ জানিয়েছে জহিরুল ইসলাম নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গফরগাঁওয়ের পাগলা থানার কোনাপাড়া গ্রামে। পাগলা থানা পুলিশ ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় জহিরুল ইসলামকে গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে এসেছে। সে এখন পাগলা থানায় পুলিশ হেফাজতে আমরণ অনশন করছে।

এলাকাবাসী ও পাগলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাগলা সড়ক থেকে দত্তেরবাজার ইউনিয়নের কোনাপাড়া হয়ে পুঁচুলী গ্রাম পর্যন্ত দেড় কি.মি সড়কটি প্রস্থে ছোট এবং বেহাল। সম্প্রতি পাগলা কোনাপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে এলাকার যুব সমাজ নিজেদের অর্থে প্রশস্তকরণের কাজ শুরু করে। স্থানীয় দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগমের সহযোগিতায় রাস্তার নামে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কাবিটা প্রকল্প থেকে অর্থও বরাদ্দ হয়। কাবিটা প্রকল্পের টাকা ও এলাকাবাসীর অনুদানে ফেব্রুয়ারি মাসে প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়। কিন্তু প্রশস্তকরণ কাজ মাত্র ১০০ মিটার হওয়ার পর রাস্তার হালটে থাকা বড় দুটি কড়ই গাছ নিজেদের দাবি করে কাটতে বাধা দেয় কোনাপাড়া গ্রামের দুই ব্যক্তি। এতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কাজ বন্ধ হয়ে যায়।

দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, একটি মহলের বিরোধিতার কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। কাজ পুনরায় শুরু করার দাবিতে জহিরুল এ কাজ করেছে।

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য জহিরুলকে থানায় আটক রাখা হয়েছে।