বকশীগঞ্জে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শপথ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

পুনর্বাসিত হওয়ার পর বকশীগঞ্জে ১৩ জন পেশাদার ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শপথ নিয়েছেন। সোমবার ভিক্ষুকদের মাঝে নগদ টাকা, ভ্যানগাড়ি, সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ অনুষ্ঠানে পেশা পরিবর্তন করে সম্মানজনক পেশায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শপথ করেন।

যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শপথ করেছেন, তারা হলেন পেশাদার ভিক্ষুক মোঃ আজাদ, নুরতন বেগম, কুডুম আলী, কমলা বেগম, কান্দুরী বেগম, আমিনুল ইসলাম, জহুরা বেগম, সহিরন বেগম, রেখা বেগম, ইফা বেগম, পুল বেগম, সুজেদা খাতুন ও জাবেদা বেগম।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ছয়জন ভিক্ষুককে ছয়টি ভ্যানগাড়ি, দুজনকে দুটি সেলাই মেশিন, একজনকে পিঠা তৈরির উপকরণ ও চারজনকে ব্যবসার পুঁজি দিয়ে পুনর্বাসন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, মাসুদ উল হাসান প্রমুখ।