ইত্তেফাক রিপোর্ট
গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে সারাদেশে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন। একই সঙ্গে ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গতকাল সোমবার বিকালে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দলের সাধারণ সম্পাদকের শারীরিক সুস্থতা কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সহ-সভাপতি আবু আহমেদ মান্নাফী, নুরুল আমিন রুহুল এমপি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, হেদায়েতুল ইসলাম স্বপন, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। একই অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম সম্পাদক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ এর মাতা মমতাজ হক এর দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করা হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট মিলাদ মাহফিল এর আয়োজন করেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সহ-সভাপতি মাইনুদ্দিন রানা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কমিশনার কমপেক্স মসজিদ এর ঈমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ।