ফারমার্স ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব

ইত্তেফাক রিপোর্ট

জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন। তলবি নোটিসে তাদের আগামীকাল ৬ মার্চ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

যাদের তলব করা হয়েছে, তারা হলেন ফারমার্স ব্যাংকের শেরপুর শাখার অপারেশনস ম্যানেজার এডিএম সোলাইমান, একই শাখার ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার মো. আবু নাঈম। তলব করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লষ্কর।