ঈদের দিন মেয়েদের সাজ কেমন হবে তা নিয়ে আমাদের এবারের আয়োজনে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ ও মিউনি’স ব্রাইডাল-এর সিইও তানজিমা শারমিন মিউনি।
ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দের পূর্ণতা পায় নতুন জামাকাপড়, সাজসজ্জা, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এবং বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মধ্যদিয়ে। ঈদের দিন সবাই চায় নতুন জামাকাপড় ও সাজসজ্জার মধ্য দিয়ে নিজেকে ফুটিয়ে তুলতে। ঈদের দিনের সাজটি হওয়া চাই খুব হালকা ধরনের, যা আপনার আনন্দ ও স্নিগ্ধতা ফুটিয়ে তুলবে। সময়টায় যেহেতু গরম কম থাকবে তাই এই ঈদে যেকোনো ধরনের পোশাকই নির্বাচন করা যায়।
সাজসজ্জারর প্রথম কথাই হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। ঈদের সাজসজ্জার ক্ষেত্রে সবার আগে যেটা মনে রাখতে হবে, সেটা হলো আপনার ত্বক পরিষ্কার রাখা। এজন্য ঈদের ২/১ দিন আগেই ফেসিয়াল করে নিন। সতেজ থাকতে চাইলে ঈদের দিন সাজের আগে আপনার ত্বকে এক টুকরো বরফ ঘষে নিন। এরপর তৈলাক্ত ত্বকের জন্য ম্যাস্ট্রিনজোন্ট এবং অন্যান্য ত্বকের জন্য টোনার বা গোলাপজল ব্যবহার করুন।
ঈদের সাজে বেজটা কেমন হবে
ঈদের আগে ন্যাচারাল মেকআপই ভালো লাগবে, দিনের বেলায় ময়েশ্চারাইজার লাগানোর পর কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন। এ ছাড়া টিনটেড ফাউন্ডেশনও লাগাতে পারেন। এক্ষেত্রে ন্যাচারাল লুক বজায় থাকবে। রাতের বেলা বা বিকেলের সাজে ফাউন্ডেশন ব্যবহার করলে লিক্যুইড বা ক্রিম ওয়াটার বেজড ফাউন্ডেশন কপাল, নাক, পুরো মুখ ও গলায় লাগিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ত্বকে যদি দাগ থাকে, সে ক্ষেত্রে প্রথমে কনসিলার বা ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা ফাউন্ডেশন দাগগুলোর ওপর দিয়ে আঙুলের সাহায্যে মিলিয়ে নিন। তারপর কমপ্যাক্ট পাউডার এবং ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন বেজ মেকআপ করার সময় আপনার চোখের পাতার ওপরের অংশ, কান, গলা ও হাত কখনোই যেন আপনার সাজে উপেক্ষিত না থাকে।
চোখ আকর্ষণীয় করে তুলতে
চোখ মনের আয়না, মানুষের অন্তরের সৌন্দর্য এতে প্রতিনিয়ত প্রতিফলিত হয়। আপনার চোখকে আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করতে পারেন কন্ট্যাক্ট লেন্স। বাদামি পেন্সিল বা আইশ্যাডো দিয়ে ভ্রূটা সুন্দর করে এঁকে নিন। দিনে সাজের ক্ষেত্রে হালকা রঙের আইশ্যাডো দিতে পারেন আপনার চোখে। যেমন—ব্রোঞ্জ, গোলাপি, লালচে,
সোনালি। রাতের সাজে চলতে পারে আপনার পোশাকের সাথে মানানসই যেকোনো আইশ্যাডো। কাজল দিয়ে পুরো চোখটা এঁকে নিন। চোখ বড় ও আকর্ষণীয় দেখাতে এক কোট মাশকারা লাগান। চোখের সাজ সম্পন্ন করুন চোখকে হাইলাইট করার মাধ্যমে। কাজল হালকা করে আঙুল দিয়ে ঘষে নিন। কাজল যাতে ছড়িয়ে না যায়, তাই কাজলের ওপর দিতে পারেন হালকা পাউডার বা কালো আইশ্যাডো। চোখ বড় দেখাতে এবং চোখের সাজ সম্পন্ন করতে ব্যবহার করুন এক কোট মাশকারা।
ব্লাশন
ব্লাশনটা যেন ভালোভাবে ব্লেন্ড হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দিনের সাজে ব্লাশনটা অবশ্যই হালকা হওয়া চাই। শুধু গালে একটা রক্তাভ আভা ছড়ানোর জন্য। আপনি যদি ফর্সা হয়ে থাকেন, তবে হালকা গোলাপি বা পিচ এবং
আপনার গায়ের রং যদি একটু গাঢ় হয়ে থাকে, সেক্ষেত্রে ব্রোঞ্জ বাদামি, কমলা বা একটু গাঢ় গোলাপি রং ব্যবহার করতে পারেন। ব্লাশনের বদলে গোলাপি, পিচ বা ব্রোঞ্জ শিমার পাউডার ব্যবহার করতে পারেন রাতের সাজের ক্ষেত্রে। তবে যেটাই ব্যবহার করুন না কেন, ব্লাশন যেন আপনার সাজের সঙ্গে মিশে যায়। ব্লাশন দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন তা বেশি গাঢ় হয়ে পুরো মুখে ছড়িয়ে না যায়। আপনার গালের হাড়ের ওপর ব্রাশ দিয়ে ব্লাশন লাগাবেন।
লিপিস্টিক
দিনের সাজের সঙ্গে হালকা লিপস্টিকই ভালো। চোখকে হাইলাইট করতে চাইলে ঠোঁট হালকা রাখুন। গোলাপি, মড, পিচ, পিংক ও বাদামি রঙের লিপস্টিক ব্যবহার করে ওপরে গ্লস লাগাতে পারেন। অথবা ঠোঁটে শুধু গোলাপি লালচে ও চকলেট লিপগ্লস লাগাতে পারেন।
চুল
চুল আপনার সাজের একটি বড় অংশ। ঈদের এক সপ্তাহ আগে চুল কাটুন, ঈদের আগের দিন অবশ্যই চুলে শ্যাম্পু-কন্ডিশনিং করে রাখবেন। চুল ঝরঝরে সজীব রাখতে কোনো হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন। বাইরে বের হলে চুল যদি বড় হয়, তবে হাত খোঁপা করে সাইডে ফুল দিতে পারেন। মাঝারি ও ছোট চুল ব্লো-ড্রাই বা আয়রন করে নিতে পারেন। আয়রন বা কার্লিং আয়রন দিয়ে কার্লিং লুক দিতে পারেন। অথবা সামনের অংশের চুল হালকা পাফ করে ফুলিয়ে পেছনে ক্লিপ বেঁধে বাকি চুল খোলা রাখতে পারেন।
হাত ও পায়ের দিকে নজর দিন
আপনার ঈদের দিনের সাজসজ্জায় আপনার হাত-পা যেন বাদ না পড়ে। ঈদের আগেই ম্যানিকিউর ও প্যাডিকিউর করে সুন্দরভাবে নখ ফাইলিং করে রাখুন। মেহেদি ঈদের অবিচ্ছেদ্য অংশ। সুন্দর ডিজাইন করে মেহেদি লাগিয়ে নিন ঈদের আগের রাতেই। নখে দিতে পারেন ম্যাচিং কালার নেলপলিশ অথবা আপনার নখগুলোকে আকর্ষণীয় করে তুলতে করতে পারেন নেল আর্ট। নখ ছোট থাকলে যদি বড় দেখাতে চান করতে পারেন—অ্যাক্রালিক নেল।
পোশাক
দিনের পোশাক একটু হালকা হলেই ভালো। যদিও গরম তেমন নেই, তবুও দিনের আলোয় হলুদ, সবুজ, সাদা, নীল, ফিরোজা, গোলাপি, পিচ প্রাধান্য পায়। রাতে অপেক্ষাকৃত গাঢ় রঙই ভালো লাগবে।
গয়না নির্বাচন
দিনের সাজে হালকা গয়না মানানসই। সালোয়ার-কামিজ ও ফতুয়ার সাথে চেইনের সঙ্গে হালকা ধরনের পাথরের সেট, সঙ্গে কানে ছোট দুল পরতে পারেন। কানে ছোট চুলের সাথে গলায় লম্বা ধরনের মালাও পরতে পারেন। কানের দুলটা যদি ভারী পরেন তবে গলায় কিছু না পরাই ভালো।
সুগন্ধি
সাজের পরিপূর্ণতা আনতে হালকা সুগন্ধি
ব্যবহার করুন।
সতর্কতা
বাইরে বের হওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যাগে কমপ্যাক্ট পাউডার, টিস্যু পেপার, কাজল, লিপগ্লস, পারফিউম নিতে ভুলবেন না। ছোট একটি আয়নাও ক্যারি করতে পারেন আপনার ব্যাগে। রেডমিট যেহেতু ঈদের প্রধান খাবার, খেতে তো হবেই, কিন্তু সঙ্গে ফ্রুট, সালাদ, সবজি অবশ্যই রাখবেন। পর্যাপ্ত পানি খেতে ভুলবেন না।
মডেল অজন্তা, দোলন ও রাইজা
মেকআপ মিউনি’স ব্রাইডাল
পোশাক কে ক্র্যাফট ও ইয়ংকে