বগুড়ায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেলওয়ের জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান ও বিভিন্ন ধরনের দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরতলীর শহরদীঘি, তিনমাথা রেলগেটসহ স্টেশনসংলগ্ন রেললাইনের আশেপাশের এলাকায় গতকাল সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগত্ বন্ধু মণ্ডল। এই নিয়ে দুই দিনে তিনশ স্থাপনা উচ্ছেদ করা হলো।

রেলওয়ে পুলিশ (জিআরপি) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) বিপুলসংখ্যক সদস্যের অংশগ্রহণে উচ্ছেদ অভিযানে রেলওয়ের রাজশাহী বিভাগীয় স্টেট অফিসার নুরুজ্জামান ও লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসারের দায়িত্বে থাকা রেজোয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। গত রবিবার রেলওয়ে স্টেশনের বিপরীতে বাণিজ্যিক প্লটের সামনের অংশ থেকে কামারগাড়ি এলাকায় ৯০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে। গতকাল তিনমাথা রেলগেটের পশ্চিমে অবৈধভাবে গড়ে তোলা ১৯টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। দোকান মালিকদের পক্ষে আব্দুল গফুর জানান, দোকানগুলো অবৈধভাবে তোলা হলেও তারা রেলওয়েকে লাইসেন্স ফি দিতে ইচ্ছুক।

এ ব্যাপারে আদালতে মামলাও আছে। মামলা যেহেতু চলমান তাই দোকানগুলো রেলওয়ে কোনোভাবেই উচ্ছেদ করতে পারে না। রেলওয়ের রাজশাহী বিভাগীয় স্টেট অফিসার নুরুজ্জামান বলেন, আদালত থেকে উচ্ছেদ অভিযানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বগুড়া রেলওয়ের ভূমি অফিসের কানুনগো গোলাম নবী জানান, অভিযানকালে যেসব দোকান মালিকের লাইসেন্স ফি বকেয়া রয়েছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে।