ইত্তেফাক রিপোর্ট
‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে গতকাল সোমবার সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী এক সেমিনার মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সভাপতি একেএম আজম খান।
ড. সফিক আহমেদ সিদ্দিক বলেন, বাংলাদেশে সব সময় মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান পাশাপাশি বসবাস করেছে। কিন্তু ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী এই সমপ্রতি বিনষ্টের চেষ্টা করছে। আজকে কারা ধর্মীয় উগ্রবাদ তৈরি করতে চাচ্ছে তা তরুণদের বুঝতে হবে। পাশাপাশি জঙ্গিবাদকে রুখতে হবে তরুণদেরই।
নজরুল ইসলাম বাবু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সফলতার সাথে এদেশ থেকে জঙ্গিবাদের অস্তিত্ব নিমূর্ল করেছে। যে চেতনার উপর ভড় করে এদেশে জঙ্গিবাদ দানা বাঁধতে শুরু করেছিল সেই চেতনাকে রুখতে হবে।
প্রফেসর আবু সালেহ বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস এবং অধিকার। জঙ্গিবাদের ফলে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ইসলামে বলা হয়েছে, সেই প্রকৃত মুসলমান যার কাছে অন্য ধর্মের মানুষের জান, মাল নিরাপদ থাকে।