মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে গতকাল সোমবার আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর ওপর নৌকা সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জন আহত হয়েছে। এসময় বিদ্রোহী প্রার্থীর অফিস ও ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ি করছে।
বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন দাবি করেছেন—আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে যাবার পথে আমার ব্যবসায়িক অফিসে হামলা করে। এ সময় তারা অফিস ও অফিসের সামনে রাখা ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, সবুজ খান, শুভ রহমান, মামুন ইসলাম, সাদ্দাম, রনি আহত হয়। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ বলেন—নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে যাবার পথে বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকরা হামলা করে। এতে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবলীগ কর্মী রিয়াদ আহত হন। রিপনকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।