মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স :আইজিপি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহে পুলিশ সুপার কার্যালয় বহুতল ভবনসহ প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আত্মসমর্পণের সুযোগ রয়েছে। যারা এই সুযোগ গ্রহণ করবে না তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।