ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযোদ্ধার প্রমাণ স্বরূপ তথ্য হাজিরের জন্য দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আবুল কাশেম। ওই রিটের শুনানিতে হাইকোর্ট বলেছে, স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু এখনও মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মান দিতে পারলাম না। এটা দুভার্গ্যজনক। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই মন্তব্য করেন। রিটকারীর আইনজীবী অমিত দাসগুপ্ত সাংবাদিকদের এ বিষয়টি জানান। একইসঙ্গে ওই নোটিশের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের লাল মুক্তিবার্তা, গেজেট, প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সাময়িক সনদ এবং চূড়ান্ত তালিকায় কুমিল্লার হোমনা থানার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধানের নাম রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও তাকে সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দাখিল করতে নোটিশ দেন। গত ৭ ফেব্রুয়ারি আবুল কাশেম হাজির হন। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ১২ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেন। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।