আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনকে কঠোর থাকতে হবে। কোনো প্রার্থীর মুখের দিকে তাকিয়ে নয়, নির্বাচন সুষ্ঠু-উত্সবমুখর করতে যা যা করণীয় করুন। কথায় নয়, কাজে প্রমাণ দেখতে চাই। কোনো ব্যর্থতার দায় সরকার নিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এমন আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, ওবায়দুল কাদেরকে আমি আপন ভাইয়ের মতো দেখি। তরুণ বয়স থেকেই তাকে চিনি। তিনি খুবই কর্মঠ ও পরিশ্রমী। অসুস্থ হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সবাই দোয়া করবেন। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনো অনৈতিক দাবির কাছে মাথানত করবেন না।
আয়োজক সংগঠনের মহসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষকলীগ নেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।