রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত দুই

রাঙ্গামাটি সদরের রাঙ্গাপানিস্থ লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুইজন পাহাড়ি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটায় এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সুপ্রিয় চাকমা ও মলয় চাকমা। এই ঘটনায় অরণ্য চাকমা নামে ১০ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও কোন পক্ষই এর সত্যতা স্বীকার করেনি।
 
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি সদরের রাঙ্গাপানি এলাকায় লেমুছড়িতে শনিবার দিবাগত রাত আড়াইটার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই সুপ্রিয় চাকমা ও মলয় চাকমা নামে ২ জন নিহত হন।
 
নিহত সুপ্রিয় চাকমা একটি আঞ্চলিক দলের সামরিক শাখার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি রাঙ্গামাটি শহরের আনন্দ বিহার এলাকায়। অপর নিহত মলয় চাকমার বাড়ি রাঙ্গাপানি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রামবাসী জানিয়েছে, রাত আড়াইটার সময় অন্তত অর্ধশত রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।
 
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
এলাকাটি অত্যন্ত দুর্গম উল্লেখ করে তিনি জানান, খবরটি পেয়ে আমি কয়েকটি সংস্থাসহ বেশ কয়েকটি জায়গায় ফোন করে বিষয়টি সম্পর্কে জেনেছি। উক্ত এলাকাটি চিহ্নিত করে তল্লাশির কাজ চলছে বলেও জানান তিনি।
 
অপরদিকে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।