ব্রহ্মপুত্রে নৌকাডুবি: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

 
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির একদিন পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে  লাশ দুইটি উদ্ধার করা হয়।
 
তারা হলো- মনিরুজ্জামান মনি (১৪) ও মুন্নী (১৩)। মনি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামের আশরাফুল আলম পরানের ছেলে ও গফরগাঁও উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। মুন্নী একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে উপজেলার নাককাটা চরের মোছলেম উদ্দিনের মেয়ে।
 
এলাকাবাসী জানিয়েছে, সকালে হোসেনপুর উপজেলার সাহেবের চর এলাকা থেকে মনিরের ও সাহেবের চর ভাটিপাড়া এলাকা থেকে মুন্নীর লাশ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে নৌকা দিয়ে গলাকাটা বাজার খেয়াঘাটে আসার সময় অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে গফরগাঁও পৌর এলাকার তরিকতের স্ত্রী  শিউলি (৩২)-সহ তিনজন নিখোঁজ হন।