গাজীপুরের কাপাসিয়ার সূর্য্যনারায়ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, রবিবার দুপুরে অনন্যা পরিবহণের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা গাজীপুর থেকে কাপাসিয়া আসছিল। পথে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য্যনারায়াণ এলাকায় একটি মোড় অতিক্রমের সময় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কবির হোসেন ও একজন যাত্রী রাশিদা বেগম মারা যান এবং আহত হন আরও চারজন। কবির হোসেনের বাড়ি কালডাইয়া ও রাশিদার বাড়ি হাইলজোড় এলাকায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে গেছেন।