কুমিল্লার বৃহত্তর উপজেলা দেবিদ্বারের পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ দেবিদ্বার সুলতানপুর শিল্পাঞ্চল থানা’ বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকার প্রায় সহস্রাধিক মানুষ এতে অংশে নেন।
রবিবার দুপুরে দেবিদ্বার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আতাপুর-নূরীতলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘দক্ষিণ দেবিদ্বার সুলতানপুর থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে জানানো হয়, এ দাবিতে তারা আগামী ১৬ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ স্বরাষ্ট্র, যোগাযোগ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পৃথক স্মারকলিপি প্রদান করবেন।
থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মোখলেছুর রহমান, সভাপতি মমতাজ উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো. হানিফ খান, সহ-সভাপতি সফিকুল ইসলাম মেম্বার, দপ্তর সম্পাদক ডা. রঞ্জিত কুমার শর্মা, প্রচার সম্পাদক যাবেদ আলম, দেওয়ান রাসেল, আবুল বাসার, গোলাম নবী প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন ।