৩২ হাজার লিটার মদসহ গ্রেফতার ৪ জনের কারাদণ্ড

জেলার নলডাঙ্গা উপজেলার মীর্জাপুর দিয়ারপাড়া গ্রামে ৩২ হাজার লিটার চোলাই মদসহ গ্রেফতার চারজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌসুমী বাইন হিরা এ দণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিয়ারপাড়া গ্রামে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব অভিযান চালায়। এ সময় (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ৩২ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে। এসব মদ সংরক্ষণের দায়ে ওই গ্রামের নেপাল চরন (৩০), রানু কর্মকার (৩৬), কমল চরন (৪০) ও বিনয় চরনকে (৩২) গ্রেফতার করে। বিকেলে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মৌসুমী বাইন হিরা তাদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে র‌্যাব-৫ এর এএসপি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।