রূপগঞ্জে নারীসহ ৩ অস্ত্রধারী গ্রেফতার

জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান শনিবার রাতে নারীসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
 
র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার জানান, শনিবার রাতে উপজেলার চনপাড়া ১নং ওয়ার্ডে র‌্যাব অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, একটি গুলি, ১৯টি বড় আকৃতির ছোরা, ১টি স্টিলের চাপাতি, একটি পাইপ গান এবং ৮৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, মো. জয়নাল আবেদীন (২৭), জয়নালের সহযোগী মো. শফিকুল ইসলাম (৩২) ও মোসা. মনোয়ারা বেগম (৪৫)। এরা চনপাড়া এলাকার বাসিন্দা।
 
র‌্যাব-১১ আরো জানান, মো. জয়নাল আবেদীন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি গ্রেফতার ওই সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মুখে এলাকায় আধিপত্য বিস্তারসহ অবাধে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন।
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।