রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, নগরীর বিভিন্ন থানায় ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পুলিশ শফিকুল হক মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে। এসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে তিনি তিন মামলায় রাজশাহীর সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক মিজানুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, দু’টি মামলায় হাইকোর্টের অন্তর্বতী জামিনের মেয়াদ শেষে গত ২৫ জুন বিচারিক নিম্ন আদালতে হাজির হয়ে বিএনপি নেতা মিলন জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু রবিবার অপর তিনটি মামলার তার জামিনের আবেদন নাকোচ করে দেন বিচারক।