‘শিগগিরই দেশে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেলক এমপি বলেছেন, ‘দেশে শিগগিরই একটি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
 
রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে গাজীপুর মহানগর আওয়ামী ওলামালীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে জেলা মহানগর ওলামালীগের আহ্বায়ক মাওলানা মো. শাহীন মুন্সি সভাপতিত্ব করেন।
 
মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার কওমি মাদরাসার স্বীকৃতি দিতে যাচ্ছে। এ লক্ষ্যে পূর্বগঠিত কমিটি পুনর্গঠনে উদ্যোগ নেয়া হয়েছে।’
 
সম্মেলনে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের সভাপতি নূর মোহাম্মদ আহাদ আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মো. ওমর ফারুক, গাজীপুর বারের পিপি এ্যাড. হারিছ উদ্দিন আহমেদ, এ্যাড. আবু বকর ছিদ্দিক, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মাওলানা হারুন অর রশীদ যুক্তিবাদী প্রমুখ বক্তব্য রাখেন।