কিশোরীকে পাচারকালে যুবক গ্রেফতার

 
স্ত্রী সাজিয়ে এক কিশোরীকে ভারতে পাচারকালে নাজমুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার বেলা ১২টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের চারাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
নাজমুল যশোরের ঝিকরগাছা উপজেলার বাটরা গ্রামের তবিবর রহমানের ছেলে। অন্যদিকে কিশোরী জেসমিন খাতুন কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ।  
 
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, এক যুবক একটি মেয়েকে নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে চারাবাড়ি এলাকায় অবস্থান নিয়ে নাজমুলকে গ্রেফতার করা হয়।
 
তিনি জানান, পাচারকারী যুবক নাজমুল বিবাহিত এবং  তার সন্তান রয়েছে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে নাজমুল মেয়েটিকে স্ত্রী সাজিয়ে ভারতে পাচারের কথাও স্বীকার করেছে বলে জানান তিনি। 
 
জেসমিনের বাবা হাবিবুর রহমান বিজিবিকে জানিয়েছেন, তার মেয়ে অপ্রাপ্তবয়স্ক  এবং অষ্টম শ্রেণির ছাত্রী।  নাজমুল তাকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে এসে ভারতে পাচার করছিল। 
 
তিনি আরো জানান, তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।