শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বাস-হেলপার নিহত

জেলার শ্রীনগর উপজেলায় বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ যাত্রী। সোমবার উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছিতে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করে এর চালককে আটক করেছে।
 
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী যাত্রীবাহী একটি বাসকে ঘটনাস্থলে পেছন দিক থেকে মাদারিপুরগামী অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মাওয়াগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ওই বাসের হেলপার মো. ফারুক (২৮) ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ও বাসটির পাঁচ যাত্রী আহত হন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
 
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।