রাসিক দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রজ্ঞাপন স্থগিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযীমের প্রজ্ঞাপনের উপর হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশ নগর ভবনে পৌঁছেছে।
 
সোমবার দুপুরে হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়ে পরবর্তী নির্দেশের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান।
 
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
 
জানা গেছে, গত ৫ জুলাই হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামানের বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রজ্ঞাপনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মেয়রের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব সরজ কুমার নাথকে আগামী দুই আগস্টের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়। হাইকোর্টের ওই আদেশের কপির রবিবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। 
 
উল্লেখ্য, ৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রাজশাহীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। ৫ জুলাই রিটের শুনানি শেষে প্রজ্ঞাপনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি।