মির্জাপুরে আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তা এলাকবাসীর দুর্ভোগ

স্বাধীনতার ৪৭ বছরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর উপজেলার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তায় উন্নয়নের ছোঁয়া পড়েনি। ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তায় গিয়ে দেখা গেছে দুর্ভোগের চিত্র।

২ নং জামুর্কি ইউনিয়ন পরিষদের কাটরা গ্রামের ওয়ার্ড মেম্বার মো. তোফাজ্জল হোসেন (৪২), ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেন (২২) ও আল মামুন (৩০) অভিযোগ করেন, আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি জনগুরুত্বপুর্ণ একটি রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী ছাড়াও কয়েক হাজার লোকজন যাতায়াত করে থাকে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটি কাদায় ভরে ওঠে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তাটি পাকাকরণের। কিন্ত তাদের সে দাবি আজও বাস্তবায়ন হয়নি। জাতীয় নির্বাচন, স্থানীয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। রাস্তাটি দ্রুত পাকা করা হবে। কিন্ত ভোটের পর আর নেতাদের কোন খবর থাকে না। এ নিয়ে এরাকাবাসীর মধ্যে ক্ষোভের শেষ নেই।

রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য ভুক্তভোগী এলাকাবাসী স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্দা আলহাজ্ব মো. একাব্বর হোসেনের নির্দেশে আছিমতলা-কাটরা-উফুল্কী রাস্তাটি পাকাকরনের জন্য প্রকল্প তৈরি করে বরাদ্ধ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়া গেলে দ্রুত ঐ রাস্তাটি পাকা করা হবে।

ইত্তেফাক/নূহু