জামালপুরের ইসলামপুর ট্রাক চাপায় একব্যক্তি নিহত

জামালপুরের ইসলামপুর ইটভাটার মাটি টানা রেজিস্ট্রেশনবিহীন ট্রাকের চাপায় দিলিপ কুমার পাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২০ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর শহর বাইপাস মার্কাস মসজিদ রোডের মোড়ে  এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের মদন পালের ছেলে দিলিপ কুমার পাল ইসলামপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় আঁখি মিলন পরিবহন নামের ইটভাটার মাটি টানা রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক মার্কাস মসজিদ মোড় এলাকায় দিলীপ কুমার পালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসহ তাকে মৃত ঘোষণা করেন। কর্তর‌্যরত চিকিৎসক ডাক্তার মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানান, স্থানীয় প্রশাসনের সামনেই রেজিস্ট্রেশনবিহীন অসংখ্য মাটি টানা অবৈধ ট্রাক-ট্রাক্টর ও ভটভটি শহরের অলি-গলিতে দাঁপিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসীর অভিযোগ রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকরা প্রতিনিয়ত পথচারীদের প্রাণহানি ঘটাচ্ছে।

ইত্তেফাক/নূহু