সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেছেন, জাতীয় সংসদের হাতে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কিনা তা দেখতে হবে? কারণ ৭২’র সংবিধানে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত ছিল। তিনি বলেন, এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে কিনা সেটাও দেখতে হবে? যদি তা না করে তাহলে এই সংশোধনীকে অবৈধ বলার সুযোগ নেই। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চে গতকাল বৃহস্পতিবার রুলের উপর এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অ্যামিকাসকিউরি হিসেবে আজমালুল হোসেন কিউসি এ শুনানি করেন। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন আজমালুল হোসেন কিউসি তার অসমাপ্ত শুনানি শেষ করবেন। শুনানিকালে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
দেশের শীর্ষ আইনজীবী এবং সংসদের বাইরের বিরোধী দলগুলো এ সংশোধনী প্রত্যাখান করে। সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট এই সংশোধনী কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করে। গত ২১ মে রুলের উপর শুনানি শুরু হয়। ওইদিন শীর্ষ ৫ আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসিকে অ্যামিকাসকিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়।