শহীদ মিনার নির্মাণ করলেন জেপি নেতা বকুল

ভাষা আন্দোলনের দীর্ঘ ৬৬ বছর পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেউড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দেউড়া গ্রামের জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুল লস্করের নিজস্ব অর্থায়নে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।

দেউড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনারটি নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেছেন প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আরমান মিয়া। শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে হলেও এখন চলছে রঙের কাজ। আগামী ২৪ নভেম্বর প্রধান অতিথি হিসাবে জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুল লস্কর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। নিজ স্কুল ক্যাম্পাসে শহীদ মিনারে আগামী বছর ভাষা দিবস উদযাপন করতে পারার আনন্দে আনন্দিত শিক্ষার্থীরাও।

এ ব্যাপারে জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জামিলুল হক বকুল লস্কর জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই আমি এই শহীদ মিনারটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দিয়েছি। এটা করতে পেরে আমি নিজে আনন্দিত।

ইত্তেফাক/জেডএইচ