হরতাল-অবরোধে কমেছে পাসের হার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধের কারণে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৬৯ দশমিক ৬০। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
 
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
 
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০টি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার্থীরা বাড়তি ক্লাস তো দূরে থাক অনেক সময় নিয়মিত ক্লাসও করতে পারেনি। তাই ফলাফলে এর প্রভাব পড়েছে।
 
সাধারণ শিক্ষাবোর্ডে এবার পাসের হার কমেছে ৯.৯০।
 
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে চলে ১১ জুন পর্যন্ত।
 
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন।