ব্লগার রাজীব হত্যা: পরবর্তী সাক্ষ্য ১৬ আগস্ট

ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
 
রবিবার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার সাক্ষী হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। 
 
শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ এ দিন ধার্য করেন। ইতিমধ্যে মামলার ৫৫ সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
 
এর আগে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ২১ মে এ মামলায় সংশোধিত অভিযোগ গঠন করে আদালত।
 
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।