বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একাধিক পাসপোর্ট নেই। পাসপোর্টের বৈধ মেয়াদের মধ্যে পাসপোর্টের পাতা শেষ হয়ে যাওয়ার কারণে নীতিমালা মোতাবেক তার অনুকূলে নতুন পাসপোর্ট প্রদান করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালত বিষয়টি শুনানির জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে গতকাল রবিবার নির্দেশ দিয়েছে।
এ দিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদ শেষের দেড় বছর আগেই ২০০৮ সালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারেক রহমানের পাসপোর্ট লন্ডন থেকে নবায়ন করা হয়েছিল। হাইকোর্টের ইতপূর্বে দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই দুটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর তার পাসপোর্ট ইস্যু করা হয়। যার মেয়াদ ছিলো ২০১০ সালের ৩ জুন পর্যন্ত। পরে তত্কালীন স্বরাষ্ট্র সচিবের অনুরোধে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর তারেকের পাসপোর্টের মেয়াদ আবারো বাড়ানো হয়।