কুষ্টিয়া মিরপুরের একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সবুজ রানা ভবিষ্যতে ডাক্তার হতে চান

এইচ এস সি ও সমমান পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের আওতাধীন কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এবার এ উপজেলার জেনারেল শাখায় ১৩টি কলেজ থেকে ১৮৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ৫৩৩ জন। উপজেলার গড় পাশের হার স্মরণকালের মধ্যে হতাশাজনক ২৮.৭৪%। পাশকৃতদের মধ্যে একমাত্র মোঃ সবুজ রানা  জিপিএ-৫ পাওয়ার দুর্লভ কৃতিত্ব দেখিয়েছে।

সবুজ রানা  উপজেলার ঐতিহ্য সাগরখালী আদর্শ কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সাতগাছা গ্রামের হতদরিদ্র সিকান্দার আলী ও শিউলি খাতুনের পুত্র। সবুজ ২০১৩ সালে দৌলতপুরের কামালপুর হাইস্কুল থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। সবুজ রানার বড়ভাই সোহেল রানাও সাগরখালী আদর্শ কলেজ থেকে ২০০৬ সালে এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ পাওয়ার অসামান্য কৃতিত্ব দেখান। পরবর্তীতে সোহেল রানা বুয়েটে ভর্তি হন ও স্কলারশীপ নিয়ে জার্মানীতে উচ্চতর লেখাপড়া শেষ করে অতিসম্প্রতি দেশে ফিরেছেন।
বড়ভাই ইঞ্জিনিয়ার হলেও সবুজ রানা ভবিষ্যতে চিকিৎক হতে চান। ভাল ফলাফল সম্পর্কে সবুজ জানায়, পরিবারের সহযোগীতা ও সাগরখালী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম এবং কলেজের সকল শিক্ষকের অকৃত্রিম সহযোগীতায় সে এ ফলাফল করেছে।
মেডিকেলে ভর্তির জন্য সবুজ রানার বাবা-মা সকলের দোয়া কামনা করেছেন।