দেশি শ্রমিকরা আগ্রহী নয় বলে বাংলাদেশি শ্রমিকদের আনা হচ্ছে

মালয়েশিয়ার শ্রমিকরা আগ্রহী নয় বলে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামেদি। নিজ দেশের কর্মীরা সেসব সেক্টরে কাজ করতে আগ্রহী না হওয়ায় আর কোন উপায় নেই বলেই মালয়েশিয়া সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। মালয়েশিয়ার সংবাদপত্রে তার এ বক্তব্য প্রকাশিত হয়েছে। মন্ত্রী জাহিদ হামেদি বলেন, বিপজ্জনক, কঠিন ও নোংরা—এই তিন ধরনের কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনা হচ্ছে। ‘বাংলাদেশ সরকার যেভাবে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠায়, এটা হবে ঠিক সে রকমই’। পাশাপাশি শ্রমিকেরা যে ধরনের কাজ গ্রহণ করবেন, সে বিষয়ে মৌলিক প্রশিক্ষণও তাদের দেয়া হবে’।

 
আগামী তিন বছরে বাংলাদেশ থেকে প্রায় ১৫ লাখ কর্মী নেয়ার কথা মালয়েশিয়ার। তবে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্তে মালয়েশিয়া সরকারের ওপর বিরূপ দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তাই বাংলাদেশি শ্রমিকদের সে দেশে নেয়ার যৌক্তিক ভিত্তি তুলে ধরতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনার টেবিলে বসবেন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী হামেদি।