গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সোমবার সকালে তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক রানু আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দিল বাগমারা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় প্যারাডাইজ স্পিনিং মিল কারখানার অপারেটর ছিলেন। শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহতের সহকর্মী শাহানাজ ও রিপা আক্তার জানান, নাইট ডিউটি শেষে সকালে ৬টায় কারখানা ছুটি হয়। পরে অন্যান্য শ্রমিকদের সঙ্গে রানু আক্তার মহাসড়ক পার হওয়ার সময় মাওনা হাইওয়ে থানা পুলিশের দ্রুতগামী পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই রানু মারা যান। এসময় বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিক ও এলাকাবসীর সমঝোতায় বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নিলে সকাল ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত রানু শ্রীপুরের মুলাইদ গ্রামের পারুলের বাড়িতে ভাড়া থেকে দেড় বছর যাবত ওই কারাখানায় চাকরি করতেন। নিহত রানু আক্তারের লাশ পারুলের বাড়িতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। কিছু সময় সড়কে প্রতিবন্ধকতা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই দুর্ঘটনার সঙ্গে হাইওয়ে পুলিশের কোন গাড়ি জড়িত নয়।