জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত চেয়ে সময়ের আবেদন করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। বিদেশে চিকিৎসার জন্য মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ৬-৭ সপ্তাহের সময় আবেদন করেছেন তারা।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সোমবার এ মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ এই আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।
অপরদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করবেন বলে আরও একটি আবেদন করা হয়েছে।