বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

জেলার মোরেলগঞ্জ উপজেলায় পিতাকে হত্যার অভিযোগে ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত বাদশা গাজী (৪৫) উপজেলার মানিকজোড় গ্রামের মোতাহার আলী গাজীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
সোমবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ আদেশ দেন।
 
আদালত ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১০ সালে ৯ ফেব্রুয়ারি সকালে বাদশা গাজীকে ওষুধ আনতে বলেন তার অসুস্থ বাবা মোতাহার গাজী। দুপুরে বাদশা ওষুধ না নিয়ে বাড়িতে ফিরে এলে মোতাহার ছেলেকে বকাঝকা করেন। এক পর্যায়ে পিতার উপর ক্ষিপ্ত হয়ে বাদশা ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্যান্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অভিযোগপত্র অনুযায়ী, এ ঘটনায় বাদশার বিরুদ্ধে ছোট ভাই আব্দুল হক হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১০ সালের ২৯ জুন বাদশার বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জসিট দাখিল করে।