নববধূকে পুড়িয়ে হত্যা, শাশুড়ি গ্রেফতার

লক্ষ্মীপুরে সালমা জিন্নাত (১৯) নামে এক নববধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে ঘটনার ২৯ দিন পর সোমবার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ শাশুড়ি হালিমা বেগমের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করবে।
 
মামলার বাদী ও লক্ষ্মীপুর থানার এসআই আবু তাহের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেডিক্যাল রিপোর্ট হাতে না পাওয়ায় এতদিন মামলা করা যায়নি। রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় রবিবার রাতে মামলাটি করা হয়।’
 
উল্লেখ্য, যৌতুকের টাকা না পেয়ে গত ১১ জুলাই রাতে সালমাকে তার স্বামী ও পরিবারের সদস্যরা গায়ে কেরোসিন ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠে। ঘটনার প্রায় তিন মাস আগে জেলা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর লামচরী গ্রামের মৃত সানাউল্যার মেয়ে সালমা আক্তারের সঙ্গে একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের খলিলের বিয়ে হয়।