খুলনায় শিশু রাকিব হত্যা

প্রধান দুই আসামি ৫ দিনের রিমান্ডে

পৈশাচিক নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি মোটর সাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 
আদালতে রিমান্ড শুনানিতে আসামিদের পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত তাদের আত্মপক্ষ সমর্থনমূলক কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে মামলার প্রধান আসামি মোটর সাইকেল গ্যারেজ মালিক শরীফ এজলাসে দাঁড়িয়ে বলে, “সব অপরাধ আমিই করেছি, যা শাস্তি আমার হোক।” কিন্তু তার কথিত চাচা ও ঘটনার সহযোগী মিন্টুকে সে ‘নিরীহ’ বলে দাবি করে। আদালত তার বক্তব্যের পর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের বাইরে সাধারণ জনতা তাদের ফাঁসির দাবিতে শ্লোগান দেয়।
 
এর আগে গত রবিবার দুপুরে শরীফ ও মিন্টুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে খুলনা সদর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। গণপিটুনির শিকার এই দুই আসামি গত ৩ আগস্ট থেকে হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন ছিলেন।
 

গত ৩ আগস্ট মোটর সাইকেলে হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে বাতাসের চাপ দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটর সাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এর মধ্যে বিউটি বেগমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।