যুদ্ধাপরাধে অভিযুক্ত বাগেরহাটের শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।
মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক রায় ঘোষণা করবেন।
রায়কে কেন্দ্র করে রাজধানীর হাইর্কোট এলাকায় অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনালের চারদিকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরাও রয়েছেন।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, অন্যান্য রায়ের মতো এবারও একই রকম নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে।
রাস্তায় যানবাহন চলাচল স্বভাবিক দেখা যাচ্ছে সকাল থেকে। পুলিশকে তল্লাশি চালাতেও দেখা গেছে।