ধানমন্ডির ৭/এ রোডের ‘অড়ই’ রেস্টুরেন্ট আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত রকমারি খাবার আয়োজন নিয়ে। তাদের যাত্রা শুরুর বেশি না হলেও সাদামাটা আর সুপরিসর ইন্টেরিয়র, সেই সাথে মজার সব খাবার নিয়ে এরমধ্যেই নজর কেড়েছে ভোজনবিলাসীদের। ইন্ডিয়ান ও বাংলা খাবারের এই রেস্টুরেন্ট ঘুরে এসে লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন সোহেল মামুন
ভোজনবিলাসী মানুষের জন্য ধানমন্ডি এলাকায় খাবারের দোকানের সংখ্যা অনেক। এরমধ্যে ধানমন্ডির ৭/এ রোডের ‘অড়ই’ রেস্টুরেন্টটিতে ক্রেতাদের আগ্রহটা লক্ষ্য করার মতোই। রেস্টুরেন্টে ঢোকার পথে নিয়ন সাইনের বিশাল সাইনবোর্ডও দেখতে ভালো লাগে। ভেতরে ঢোকার পর প্রথমের খোলা আকাশের নিচের রয়েছে বসার সুন্দর ব্যবস্থা। সেখানে তরুণ-তরুণীদের ভিড় থাকে সবসময়ই। এরপর পাশাপাশি দুই নান্দনিক ইন্টেরিয়রে সাজানো রুম। যেখানে বসে খেতে খেতে আপনি উপভোগ করতে পারবেন মনমাতানো মিউজিক মূর্ছনা। মেন্যুটা উলটে পালটে দেখলে সিদ্ধান্ত নেওয়া কঠিন—কোনটা ছেড়ে কোনটা খাবেন! সব বয়েসীদের কথা মাথায় রেখে এবং তাদের পছন্দের কথা বিবেচনায় রেখেই মেন্যু সাজানো হয়েছে। সেট মেন্যুগুলোও খুব পছন্দ সবার। থাই, চাইনিজ সেট মেন্যু রয়েছে, রয়েছে বাংলা খাবার। ফাস্টফুড খাইতে চাইলে অনেক ফ্লেভারের বার্গার বা স্যান্ডউইচ পাবেন। রেস্টুরেন্টটির ম্যানেজার শাফায়েত হোসেন জানালেন, এখানের তন্দুরী নান ও চিকেন টিক্কা মাসালা বেশ জনপ্রিয়। সেই সাথে চাইলে ইন্ডিয়ান স্বাদের পনির খেতে পারেন। রয়েছে অনেক রকমের চিকেন কাবাব। বিফের আইটেমগুলোও তাদের জিভে জল আনা। আর এত্ত খাওয়ার পর একটু আইসক্রিমে নিজেকে ডুবিয়ে নিতে চাইলে জানিয়ে দিন। অনেক স্বাদের আইসক্রিম রয়েছে আপনারই অপেক্ষায়। আর যারা একটু কফি খেতে চান, সেটাও পরখ করতে পারেন। তবে তাদের লাচ্ছি কথাও বলতে হবে। বিভিন্ন ফ্লেভারের এই পানীয়গুলোর স্বাদ ভোলার নয়। ‘অড়ই’ রেস্টুরেন্ট ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছে। যাতে ভোজনবিলাসীরা নিজ বাসায় বসেই তার পছন্দের খাবারের স্বাদ নিতে পারেন।
এক নজরে
কোথায় :ধানমন্ডি’র রোড - ৭/এ, বাসা-৭৪/বি
কবে যাবেন :যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ১১টা
কী খাবেন :স্টেক, নান অথবা ভারতীয় খাবারই বেশি জনপ্রিয়।
যোগাযোগ :০১৮৪২ ২০০ ১৫৮, হোম ডেলিভারি :
০১৯৬০ ৮৮৮ ৭৭৭ ।