রামগড়ে ৩ বাঙালির বসতবাড়ি ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ

জেলার রামগড় উপজেলার হাতিমুড়া নামক এলাকায় দুর্বৃত্তরা বাঙালিদের তিনটি বসতবাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষুব্ধ বাঙ্গালিরা মঙ্গলবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
 
সোমবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলার হাতিমুড়ায় হামলা চালিয়ে বাঙালি অধ্যুষিত তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে কয়েক শ বাঙালি হাতিমুড়া এলাকায় সড়ক অবরোধ করলে ওই আঞ্চলিক সড়কে সকাল সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
 
বাঙালিদের অভিযোগ, পাহাড়ি দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে।
 
নিকটবর্তী গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, মানিকছড়ি, গুইমারা ও রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় বিতর্কিত ভূমির দখল নিয়ে বহুদিন ধরে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে।